ভালোবাসা এমন এক অনুভূতি, যা প্রকাশের চেয়ে অনুভবে আরও গভীর। সব অনুভূতি সবসময় ভাষায় ধরা না পড়লেও মানুষের হৃদয়ের সবচেয়ে সুন্দর আবেগগুলোর একটি হলো ভালোবাসা। রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো চিরন্তন প্রেমের গল্পগুলো যুগে যুগে আমাদের শিখিয়েছে—ভালোবাসা মানে দু’টি হৃদয়ের গভীর বন্ধন।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন, প্রপোজ ডে। এই দিনে প্রিয় মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করে অনেকেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন। যারা দীর্ঘদিন ধরে মনের ভেতর জমে থাকা কথা বলতে চান কিংবা সম্পর্ককে নতুন নাম দিতে চান, তাদের জন্য প্রপোজ ডে হতে পারে সবচেয়ে উপযুক্ত সময়।
তবে ভালোবাসা থাকলেও অনেকেই দ্বিধায় ভোগেন—কীভাবে বলবেন, কোন উপায়ে প্রস্তাব দেবেন। খুব জাঁকজমক না হলেও একটু ভিন্নভাবে মনের কথা জানালে মুহূর্তটি হয়ে উঠতে পারে স্মরণীয়। নিজের হাতে লেখা একটি চিঠি বা ছোট কবিতা হতে পারে সবচেয়ে আবেগী উপহার। আবার দু’জনের কাটানো মুহূর্তগুলোর ছবি ও স্মৃতি দিয়ে সাজানো একটি বক্সের শেষ নোটে লুকিয়ে থাকতে পারে ভালোবাসার প্রস্তাব।
প্রযুক্তিপ্রেমীদের জন্য অনলাইন প্রপোজও হতে পারে চমৎকার আইডিয়া। ইন্টারেক্টিভ ওয়েবসাইট, ভিডিও বার্তা বা ডিজিটাল নোটের মাধ্যমে মনের কথা জানালে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আর যারা সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চান, তাদের জন্য একটি সুন্দর আংটি দিয়ে সরাসরি প্রপোজ করাই হতে পারে সাহসী ও ক্লাসিক উপায়।
গানের মাধ্যমে অনুভূতি প্রকাশ করাও ভালোবাসা জানানোর অন্যতম রোমান্টিক মাধ্যম। প্রিয় মানুষটির পছন্দের গান গেয়ে শোনানো কিংবা নিজে লেখা গান উপহার দিলে মুহূর্তটি হয়ে উঠতে পারে অনন্য। সাহিত্যপ্রেমীদের ক্ষেত্রে ভালোবাসার কোনো বইয়ের ভেতরে নিজের হাতে লেখা দুই লাইনের অনুভূতি কিংবা চিরকুটে রাখা প্রস্তাব প্রিয় মানুষটিকে নিঃসন্দেহে আবেগাপ্লুত করবে।
প্রপোজ ডে’র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে জড়িত। ইউরোপ ও আমেরিকায় ১৮শ ও ১৯শ শতাব্দীতে এই দিনে আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার প্রচলন ছিল। হাঁটু গেড়ে প্রপোজ করার ঐতিহ্য আজও অনেক সংস্কৃতিতে টিকে আছে, যা ভালোবাসার গভীরতা ও সম্মান প্রকাশ করে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, প্রপোজ ডে একটি জনপ্রিয় ভালোবাসার দিনে পরিণত হয়েছে।
যারা দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন কিন্তু মনের কথা বলতে সাহস পাননি, তাদের জন্য প্রপোজ ডে হতে পারে সেই কাঙ্ক্ষিত সুযোগ। একটু আন্তরিকতা আর সৃজনশীলতা থাকলেই এই দিনটি হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি।



