অ্যাপলের জনপ্রিয় স্টাইলাস ‘অ্যাপল পেন্সিল’-এর ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন ব্যাটারি নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসা নতুন দুটি অ্যাপল পেন্সিল মডেলে সহজে ব্যাটারি পরিবর্তনের সুবিধা যুক্ত করার পরিকল্পনা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় আরও সহজে ডিভাইসের ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারি পরিবর্তনের সুযোগ না থাকায় গ্যাজেট মূল্যায়নকারী প্রতিষ্ঠান আইফিক্সিট অ্যাপলের আগের সব অ্যাপল পেন্সিল মডেলকেই ‘রিপেয়ারেবিলিটি ফেইল’ বা সারানোর অযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল। নতুন ডিজাইনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করার উদ্যোগ নিয়েছে অ্যাপল।
ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের প্রথমার্ধে নতুন কিছু আইপ্যাড মডেলের সঙ্গে দুটি নতুন অ্যাপল পেন্সিল উন্মোচন করা হতে পারে। এর মধ্যে ‘বি৫৮২’ কোডনেমের মডেলটি বর্তমান ইউএসবি-সি সমর্থিত এন্ট্রি-লেভেল অ্যাপল পেন্সিলের উন্নত সংস্করণ হবে। অন্যদিকে ‘বি৬৩২’ কোডনেমের মডেলটি বর্তমান অ্যাপল পেন্সিল প্রোর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।
বর্তমান অ্যাপল পেন্সিল প্রোতে স্কুইজ সেন্সরের মতো উন্নত ফিচার থাকলেও নতুন সংস্করণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ডিভাইসের মেরামতযোগ্যতা ও দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করার ওপর। ইউরোপীয় ইউনিয়নের নতুন বিধিমালা অনুযায়ী, ভোক্তা ইলেকট্রনিক্স পণ্যে ব্যাটারি সহজে পরিবর্তন বা প্রতিস্থাপন করা সম্ভব হতে হবে। সেই কারণেই অ্যাপল তাদের নতুন পণ্য ডিজাইনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নতুন অ্যাপল পেন্সিলে সহজে ব্যাটারি পরিবর্তনের সুবিধা যুক্ত হলে এটি ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক উন্নয়ন হবে। এর ফলে ডিভাইসের আয়ুষ্কাল বাড়বে এবং ব্যাটারি নষ্ট হয়ে গেলে পুরো পণ্য বদলে ফেলার প্রয়োজন হবে না।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের নিয়মের কারণে অ্যাপলকে এর আগেও পণ্যের ডিজাইনে পরিবর্তন আনতে হয়েছে। আইফোন ১৫ সিরিজ থেকে দীর্ঘদিনের লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি-সি পোর্ট যুক্ত করার পেছনেও ছিল ইইউর একক চার্জিং পোর্ট নীতিমালার প্রভাব। এবার একই ধরনের নিয়ন্ত্রক চাপের কারণে অ্যাপল তাদের অন্যতম জনপ্রিয় অ্যাক্সেসরি অ্যাপল পেন্সিলের ব্যাটারি ডিজাইনেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে।



