আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি, কিন্তু এরই মধ্যে নতুন আইফোনকে ঘিরে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে, অ্যাপল এবার তাদের পরবর্তী প্রো সিরিজে আনতে যাচ্ছে একাধিক যুগান্তকারী পরিবর্তন, যা আগের সব মডেলকে ছাড়িয়ে যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজে থাকছে আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি, পরিশীলিত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের নিজস্বভাবে তৈরি প্রথম মডেম চিপ। বাহ্যিকভাবে বড় পরিবর্তন না থাকলেও, অভ্যন্তরীণ সফটওয়্যার ও হার্ডওয়্যারের ক্ষেত্রে আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী সংস্করণ।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রোর নকশা অনেকটাই আইফোন ১৭ প্রোর মতো থাকবে, তবে অ্যাপল কিছু সূক্ষ্ম পরিবর্তন আনতে পারে—যেমন আংশিক স্বচ্ছ ম্যাগসেফ ব্যাক, আরও সরু ডায়নামিক আইল্যান্ড, এবং ভবিষ্যৎ প্রস্তুত আন্ডার-ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তি। সম্পূর্ণ নচ-ফ্রি বা পিনহোল ডিজাইন আসবে বলে ধারণা করা হচ্ছে ২০২৬ সালের পর।
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, এবার অভ্যন্তরীণ কাঠামোতে বড়সড় পরিবর্তন আনছে অ্যাপল। নতুন আইফোন ১৮ প্রো মডেলে থাকছে এ-২০ প্রো চিপ, যা টিএসএমসির উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এতে ব্যবহৃত হচ্ছে নতুন চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট (CoWoS) প্যাকেজিং, যা শক্তি সাশ্রয়ী এবং অন-ডিভাইস এআই পারফরম্যান্সে বাড়তি গতি দেবে। এছাড়া যুক্ত হচ্ছে অ্যাপলের নিজস্ব সি-২ মডেম, যা দ্রুততর ডাউনলোড স্পিড, কম লেটেন্সি এবং কোয়ালকমের ওপর নির্ভরতা থেকে মুক্তি দেবে।
সবচেয়ে বড় পরিবর্তন আসছে ক্যামেরায়। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, অ্যাপল এবার সনির বদলে স্যামসাংয়ের তিন স্তরবিশিষ্ট নতুন সেন্সর ব্যবহার করতে পারে। এতে থাকবে দ্রুততর রিডআউট, কম নয়েজ ও উন্নত ডাইনামিক রেঞ্জ। পাশাপাশি অ্যাপল পরীক্ষা করছে ডিএসএলআর-স্টাইলের ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমবারের মতো আইফোন ক্যামেরায় আলো নিয়ন্ত্রণের ম্যানুয়াল সুবিধা পাবেন।
এ ছাড়াও নতুন আইফোনে যুক্ত হতে পারে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগ, যা ভবিষ্যতে সেল টাওয়ার ছাড়াই ৫জি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেবে। ক্যামেরা কন্ট্রোল বাটনেও আসছে পরিবর্তন—আগের ক্যাপাসিটিভ টাচ বাটনের বদলে যুক্ত হতে পারে প্রেসার-সেন্সিটিভ বাটন।
ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে একসঙ্গে উন্মোচিত হবে আইফোন ১৮ প্রো সিরিজ এবং বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। অন্যদিকে, আইফোন ১৮ ও ১৮ই মডেল বাজারে আসতে পারে ২০২৭ সালের মার্চে।



