২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারে বাংলাদেশ। দেশের একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট এমনই ইঙ্গিত দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের বরাতে জানা যায়, ফেব্রুয়ারির শুরুতে পাকিস্তান সফরে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে দুই বোর্ডের মধ্যে এই সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপ দেওয়ার আলোচনা চলছে, যেখানে তৃতীয় দল হিসেবে থাকছে বাংলাদেশ।
বিসিবির একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নত হয়েছে। ফলে ত্রিদেশীয় সিরিজ আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আগ্রহ বেড়েছে। যদিও এখনো বিসিবির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি, তবে অপ্রাতিষ্ঠানিক যোগাযোগে এ বিষয়ে সম্ভাবনার কথা জানানো হয়েছে।
এদিকে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় অংশ নিচ্ছেন। আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠেয় এই সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে তার আলোচনার সম্ভাবনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজটি হবে সাত ম্যাচের, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
উল্লেখযোগ্য যে, উপমহাদেশে আইসিসি টুর্নামেন্টকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রস্তুতি নেওয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। যেমন, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিল তারা। এছাড়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কায় খেলেছিল টেস্ট ও ওয়ানডে সিরিজ।
এদিকে, চলমান পাকিস্তান সিরিজ শেষ হলে এক মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে যাবে বাংলাদেশ দল, কারণ ভারতের নির্ধারিত সফর আগস্ট থেকে পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথাযথ প্রস্তুতির অভাব নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিসিবি।



