চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের ৭৯ বছর বয়সী গৃহবধূ চেমন আরা বেগম সংগ্রাম ও সফলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। চরম অভাব ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও তিনি ও তার স্বামী সন্তানদের শিক্ষার পথ থেকে কখনো বিচ্যুত হননি। একসময় ঘরে বিদ্যুৎ ছিল না, কিন্তু সেই প্রতিকূলতা তাদের দমাতে পারেনি। মাটির চুলার এক পাশে রান্না সামলানো আর অন্য পাশে হারিকেনের মৃদু আলোয় বসে ১১ জন সন্তানের পড়াশোনা কঠোরভাবে তদারকি করতেন তিনি।
মায়ের অসীম ধৈর্য, ত্যাগ ও শৃঙ্খলার ওপর ভিত্তি করেই আজ তার আট ছেলে ও তিন মেয়ে প্রত্যেকেই সমাজে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তার সন্তানদের মধ্যে রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ, চিকিৎসক, শিক্ষক, গবেষক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সম্প্রতি তার নবম সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিযুক্ত হয়ে পরিবারটির জন্য আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত করেছেন।
সন্তানদের আলোকবর্তিকা বানিয়ে সমাজে এক নতুন দৃষ্টান্ত গড়ায় ২০২৪ সালে চেমন আরা বেগম ‘অদম্য নারী’ সম্মাননা এবং ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ‘রত্নগর্ভা মা’ সহ নানা মর্যাদাপূর্ণ স্বীকৃতিতেও ভূষিত হয়েছেন। তার জীবনপ্রবাহ প্রমাণ করে যে, ইচ্ছা শক্তি, নীতি-নৈতিকতা ও অদম্য ইচ্ছা থাকলে প্রতিকূল পরিস্থিতিও আলোর দিশা আটকাতে পারে না।



