ভারতে একটি এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়ে রোগীসহ সাতজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ড–এর চাত্রা জেলার সিমারিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটির সঙ্গে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে এটি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়।
প্রশাসন জানিয়েছে, উড়োজাহাজটিতে দু’জন পাইলট, একজন রোগী, রোগীর সঙ্গে থাকা দুই স্বজন এবং দুইজন স্বাস্থ্যকর্মী ছিলেন। দুর্ঘটনায় সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরূপ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া জানা গেছে, এয়ার অ্যাম্বুল্যান্সটি প্রায় ৩৯ বছরের পুরোনো ছিল। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

