পবিত্র রমজান মাসজুড়ে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। রবিবার (১৫ ফেব্রুয়ারি) আদালতের একটি বেঞ্চ এ আদেশ প্রদান করেন। রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে।
রিটটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। এর আগে গত ৫ জানুয়ারি তিনি রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান। নোটিশটি পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর সচিবদের কাছে।
নোটিশে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে, যা আইন, নীতি ও রীতির অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইন ব্যতীত কোনো পদক্ষেপ গ্রহণ না করার কথা বলা হয়েছে এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রচলিত রীতি-নীতিও আইনের মর্যাদা পেতে পারে—এই যুক্তিও তুলে ধরা হয়।
রিটে আরও বলা হয়, রোজার মাসে কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘ সময় বিদ্যালয়ে যাতায়াত ও ক্লাস কার্যক্রমে অংশ নিতে গিয়ে শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয়, যা ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজান মাসে বিদ্যালয় খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পেয়ে জনদুর্ভোগের আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করা হয়। নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে আদালতে রিট দায়ের করা হয় এবং শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ প্রদান করেন।



