উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্র থেকে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনীতি এবং ভবিষ্যতে অভিনয়ের চরিত্র নির্বাচন নিয়ে খোলামেলা মতামত ব্যক্ত করেন। সিনেমায় রাজনীতিবিদের চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে অনন্ত স্পষ্টভাবে জানান, তিনি রাজনৈতিক চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন; বরং সাংবাদিকের চরিত্রে কাজ করতে চান। তার ভাষায়, “সাংবাদিকই দেশের একমাত্র শক্তি, যারা ভালো ও খারাপ—দুটোই তুলে ধরতে পারে।” ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আগের তুলনায় এবার ভোটের পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছ, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, দল নয়—যোগ্য প্রার্থীকে বিবেচনায় রেখে ভোট দেওয়া উচিত, কারণ এখন সময় দেশ গড়ার। একজন ব্যবসায়ী হিসেবে তিনি নতুন সরকারের কাছে অর্থনীতিকে সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, মানুষের হাতে ক্রয়ক্ষমতা না থাকলে বাজারব্যবস্থা সচল থাকে না। একই সঙ্গে অহেতুক অবরোধ ও আন্দোলনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎপাদন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান। নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের আগে যেমন মানুষের কাছে যান, নির্বাচনের পরেও যেন সেই যোগাযোগ বজায় থাকে এবং এলাকায় চাঁদাবাজি, অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।



