ফেব্রুয়ারি ভালোবাসার মাস। এ মাসজুড়েই উদ্যাপিত হয় প্রেম ও অনুভূতির নানা বিশেষ দিন। সেই ধারাবাহিকতায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে ‘প্রমিস ডে’—প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন। ভ্যালেন্টাইনস উইক শুরু হয় ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে। এরপর আসে প্রোপোজ ডে, চকলেট ডে ও টেডি ডে। আর সেই ধারারই গুরুত্বপূর্ণ একটি দিন হলো প্রমিস ডে, যা সম্পর্ককে আরও দৃঢ় ও বিশ্বাসভিত্তিক করে তোলার বার্তা দেয়।
যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। প্রতিশ্রুতি রক্ষা করার মধ্য দিয়েই গড়ে ওঠে আস্থা ও নির্ভরতা। প্রিয় মানুষটির কাছে দেওয়া কথা যদি রাখা না যায়, তবে সম্পর্কে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে পারে। তাই এ দিনটি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং ভুল বোঝাবুঝি দূর করে নতুন করে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করার সুযোগ। দীর্ঘদিনের কোনো অভ্যাস বা আচরণ যদি সঙ্গীর অপছন্দের কারণ হয়, তবে আজকের দিনে তা পরিহারের প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে। ছোট একটি আন্তরিক অঙ্গীকারই সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করে তুলতে পারে।
প্রমিস ডে শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়; এটি সবার জন্যই প্রযোজ্য। ভাই-বোন, মা-বাবা, বন্ধু কিংবা জীবনের বিশেষ মানুষদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার দিন এটি। একই সঙ্গে নিজের কাছেও প্রতিজ্ঞাবদ্ধ থাকা জরুরি—নিজের উন্নতি, ইতিবাচক পরিবর্তন এবং দায়িত্বশীল হওয়ার অঙ্গীকারও এ দিনের অংশ হতে পারে।
ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রতিটি দিনের রয়েছে আলাদা তাৎপর্য। ৭ ফেব্রুয়ারি রোজ ডে-তে লাল গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়। ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে-তে মনের কথা জানানো হয়। ৯ ফেব্রুয়ারি চকলেট ডে-তে মিষ্টি উপহারের মাধ্যমে সম্পর্কের মাধুর্য বাড়ানো হয়। ১০ ফেব্রুয়ারি টেডি ডে-তে উপহার দেওয়া হয় টেডি বিয়ার। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে-তে দেওয়া হয় ভালোবাসা অটুট রাখার প্রতিশ্রুতি। ১২ ফেব্রুয়ারি হাগ ডে-তে আলিঙ্গনের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা হয়। ১৩ ফেব্রুয়ারি কিস ডে-তে ভালোবাসা আরও গভীরভাবে প্রকাশ পায়। আর সবশেষে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে—ভালোবাসা উদ্যাপনের বিশেষ দিন।



