ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকায় টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন (পূর্ণ ৯৬ ঘণ্টা) এসব সেবায় বিধিনিষেধ কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। একই সঙ্গে দৈনিক সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট পরিমাণ হবে ১০ হাজার টাকা। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন অব্যাহত থাকবে।
এ সময় ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি এমএফএস প্রতিষ্ঠানের অন্যান্য অ-লেনদেন সেবাও উল্লিখিত সময়সীমার মধ্যে সাময়িকভাবে স্থগিত থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে এমএফএস বা আইবিএফটির মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে হবে।
নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় রাখতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে। এ ছাড়া এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।



