কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গুগলের সঙ্গে সদ্য ঘোষিত অংশীদারত্বের প্রথম বড় ফলাফল শিগগিরই সামনে আনতে যাচ্ছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে সিরির একটি নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি, যেখানে ব্যবহার করা হবে গুগলের জেমিনি এআই মডেল।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আপডেটে সিরি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ডিভাইসের পর্দায় প্রদর্শিত কনটেন্ট বিশ্লেষণ করে আরও জটিল ও প্রাসঙ্গিক কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। মূলত ২০২৪ সালের জুনে অ্যাপল যে উন্নত এআই সক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটির প্রথম বাস্তব রূপ হিসেবেই দেখা হচ্ছে এই সংস্করণকে।
তবে এখানেই থামছে না অ্যাপলের পরিকল্পনা। গারম্যানের মতে, চলতি বছরের জুনে অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (WWDC) সিরির আরও বড় একটি আপগ্রেড ঘোষণা করা হতে পারে। সেই সংস্করণে সিরিকে আরও কথোপকথনমুখী করা হবে, যা অনেকটাই চ্যাটজিপিটির মতো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। এছাড়া এই উন্নত সিরি সরাসরি গুগলের ক্লাউড অবকাঠামোর ওপর পরিচালিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে অ্যাপলের এআই কৌশল নিয়ে নানা ধোঁয়াশা ও অভ্যন্তরীণ জটিলতার কথা উঠে এলেও, গুগলের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব এবং এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়ার বিদায়ের পর প্রতিষ্ঠানটি নতুন করে নিজেদের এআই রোডম্যাপ সাজাচ্ছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। জেমিনি এআই যুক্ত হওয়ায় সিরির সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।



