প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণায় যখন অরিজিৎ সিংয়ের ভক্তদের মনজুড়ে বিস্ময়, শূন্যতা আর হতাশার আবহ, ঠিক তখনই বিনোদন জগতে নতুন করে আলোড়ন তুলল এক অপ্রত্যাশিত ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক বাড়িতে হঠাৎ করেই হাজির হয়েছেন বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান। কোনো পূর্ব ঘোষণা বা আনুষ্ঠানিকতা ছাড়াই এই আকস্মিক সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা—তবে কি অবসরের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো সিনেম্যাটিক চমক, নাকি দুই কিংবদন্তির মধ্যে নীরব কোনো গুরুত্বপূর্ণ সমঝোতা?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিৎ সিংয়ের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ–জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির। সোমবার রাতে তার মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যেই অরিজিতের বাড়ির ছাদে হাসিমুখে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান। প্রিয় তারকাকে এক নজর দেখতে আশপাশের বাড়ির ছাদগুলোতেও ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। আমিরও হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন। তবে অরিজিৎ ও আমিরের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, কয়েক দিন আগেই অরিজিৎ সিং হঠাৎ করে চলচ্চিত্র বা প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন, যা তার অগণিত ভক্তকে হতাশ করে তোলে। এমন পরিস্থিতিতে আমির খানের এই ঝটিকা সফরকে অনেকেই দেখছেন অরিজিতকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ কিংবা ভবিষ্যতের কোনো বিশেষ প্রজেক্ট নিয়ে আলোচনার সম্ভাবনা হিসেবে। যদিও সবকিছু এখনো রহস্যের আড়ালেই রয়ে গেছে।



