আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আবারও সুখবর পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সদ্য প্রকাশিত আইসিসি নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি করেছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করার ইতিবাচক প্রভাব পড়েছে এই র্যাঙ্কিংয়ে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন ধাপ উন্নতি করে তিনি উঠে এসেছেন ১৯ নম্বরে। বাছাইপর্বজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন সোবহানা মোস্তারী, যিনি ১৬ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ৩৬ নম্বরে। অন্যদিকে, টুর্নামেন্টের শুরুতে ভালো করলেও শেষ দিকে ছন্দ হারানো শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৮ নম্বরে। ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ উন্নতি করে রয়েছেন ৬৫ নম্বরে।
বোলারদের মধ্যে বাংলাদেশিদের সেরা হিসেবে নিজের ১৪তম অবস্থান ধরে রেখেছেন রাবেয়া খান। উল্লেখযোগ্য উন্নতি করেছেন নাহিদা আক্তার, যিনি আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। তবে শেষ দিকের ম্যাচগুলোতে কিছুটা ছন্দপতনের কারণে ফাহিমা খাতুন তিন ধাপ পিছিয়ে বর্তমানে রয়েছেন ৩৩ নম্বরে। বড় লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার—৪৩ ধাপ এগিয়ে তিনি এখন ৭৪ নম্বরে অবস্থান করছেন। এছাড়া মারুফা আক্তার র্যাঙ্কিংয়ে ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০-তে প্রবেশ করেছেন, বর্তমানে তার অবস্থান ৯২ নম্বরে।
এদিকে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন তারই স্বদেশি অ্যানাবেল সাদারল্যান্ড।



