দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ। অভিনয়, নৃত্য ও সৃজনশীলতায় কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করা এই কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো চলচ্চিত্রাঙ্গন। তাঁর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তাঁর প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’ তিনি আরও উল্লেখ করেন, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দা ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তাঁর সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইলিয়াস জাভেদ। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা ডলি চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন ইলিয়াস জাভেদ। পরবর্তীতে তিনি নায়ক ও নৃত্যপরিচালক হিসেবে সত্তর ও আশির দশকে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’সহ আরও অনেক জনপ্রিয় ছবি। তাঁর চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবেই বিবেচিত হচ্ছে।


