বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্য এসেছে সুখবর। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম বিলিংসের সঙ্গে তার গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবার পেশাদার ক্যারিয়ারেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে রিশাদকে খেলাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্ট দলের অধিনায়ক স্যাম বিলিংস।
বাংলাদেশ ক্রিকেটে যেমন, তেমনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখে চলেছেন ২৩ বছর বয়সী এই প্রতিভাবান লেগ স্পিনার। রিশাদকে নিয়ে বিলিংসের আগ্রহ নতুন নয়। আগের মৌসুমেও ভাইটালিটি ব্লাস্টে তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এবার কেন্টের অধিনায়কত্ব পাওয়ায় সেই আগ্রহ বাস্তবে রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিশাদের ভূয়সী প্রশংসা করেন বিলিংস। তিনি বলেন, “রিশাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি বিপিএল খেলতে আসায় ও খুব খুশি। রিশাদ অসাধারণ ক্রিকেটার। গতবার ভাইটালিটি ব্লাস্টে ওকে খেলাতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে সম্ভব হয়নি। এবার আমি কেন্টের অধিনায়ক, আশা করি ও খেলতে পারবে।”
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন রিশাদ হোসেন ও স্যাম বিলিংস। চলতি আসরে বিলিংস খেলছেন সিলেট টাইটান্সের হয়ে, আর রিশাদ বর্তমানে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে ব্যস্ত। বিলিংসও বিপিএলের আগে বিগ ব্যাশ খেলেই এসেছেন। এখন ভক্তদের অপেক্ষা—আগামী মৌসুমে ইংল্যান্ডের মাঠে কেন্টের জার্সিতে রিশাদ হোসেনকে দেখা যাবে কি না।



