আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতীয় ভেন্যুতে খেলতে রাজি নয়—এমন অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অনড় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাধিক দফা আলোচনা সত্ত্বেও সমাধান না হওয়ায় বাংলাদেশকে রাজি করাতে আইসিসির একটি প্রতিনিধিদল শিগগিরই ঢাকায় আসছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে তিনি জানতে পেরেছেন—আইসিসির একটি টিম বাংলাদেশে এসে সরাসরি আলোচনায় বসতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসার সুযোগ দেখছে না। তার ভাষায়, “আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং সেটি আমাদের দেশেই আয়োজন করতে চাই। আমাদের বিশ্বাস, এটি আয়োজন করা অসম্ভব নয়।”
তিনি সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে বলেন, ক্রিকেট অঙ্গনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। বিশেষ করে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অবমাননাকর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ তৈরি হয়েছে। একই সঙ্গে বিসিবির এক পরিচালকের মন্তব্যে দেশের ক্রিকেটারদের অপমানের বিষয়টি অত্যন্ত দায়িত্বহীন বলেও মন্তব্য করেন তিনি। একজন ক্রিকেটভক্ত হিসেবে তিনি মনে করেন, এসব ঘটনা এড়ানো গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।



