মুক্তির এক মাস পেরিয়ে গেলেও বক্স অফিসে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার জয়যাত্রা থামছে না। একের পর এক রেকর্ড ভেঙে ছবিটি এখন বিশ্বজুড়ে ১২০৭ কোটি রুপির বেশি আয় করে নতুন ইতিহাস গড়েছে। এই অসামান্য অর্জনের মাধ্যমে ছবিটি দক্ষিণ ভারতীয় সুপারহিট সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ১২০০ কোটির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় এখন পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির ৩১ দিনের মাথায় আমির খানের ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’ এবং ‘আরআরআর’-এর মতো কালজয়ী সিনেমাগুলোর অভিজাত তালিকায় নিজের নাম লিখিয়েছে।
রণবীর সিংয়ের ক্যারিয়ারের জন্য এই সাফল্য এক বিশাল মাইলফলক। গত কয়েক বছর বক্স অফিসে তাঁর খরা নিয়ে যে আলোচনা ও সমালোচনা চলছিল, ‘ধুরন্ধর’-এর মাধ্যমে তিনি তার যোগ্য জবাব দিয়েছেন। ২০২৫ সালের অন্যতম আলোচিত ছবি ‘ছাবা’ ও ‘সাইয়ারা’-র রেকর্ড ভেঙে দিয়ে রণবীর আবারও তাঁর স্টারডম প্রমাণ করেছেন। নানা আইনি জটিলতা ও বিতর্কের মুখে গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে দর্শক টানছে। দক্ষিণী সিনেমার দাপটের বাজারে বলিউডের পক্ষ থেকে এমন বিশ্বব্যাপী সাফল্য চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে একটি নতুন যুগের সূচনা।



