ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কর্তৃক বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত ওই চিঠিতে দেশের সকল টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের যেকোনো খেলা বা অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায়নি, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী সাধারণ জনগণকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। জনগণের এই আবেগ ও সেন্টিমেন্টকে সম্মান জানিয়েই সরকার আইপিএল সম্প্রচারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ২৬ মার্চ থেকে আইপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা থাকলেও, এই নির্দেশের ফলে বাংলাদেশের কোনো চ্যানেলে খেলাগুলো দেখা যাবে না। সরকারের এই কঠোর অবস্থান দেশের ক্রিকেটাঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



