দেশে চলমান তীব্র শীত ও শৈত্যপ্রবাহ আগামী ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার (২৯ ডিসেম্বর) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে তিনি জানান, দেশের ৬১টি জেলায় মাঝারি থেকে ভারী কুয়াশা বিরাজ করছে, যার ফলে বেশিরভাগ এলাকায় সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং আগামী চার দিন সারাদেশে একই ধরনের কনকনে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করতে পারে।
ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গবেষক পলাশ জানান, সন্ধ্যার পর থেকে দেশের সব নদ-নদী, বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা ও মেঘনা অববাহিকায় দৃষ্টিসীমা অত্যন্ত কমে আসতে পারে। তাই নৌযানগুলোকে গতি নিয়ন্ত্রণ করে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে ঢাকা, রাজশাহী, রংপুরসহ বিভিন্ন বিভাগের মহাসড়কগুলোতে, বিশেষ করে পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখে যাতায়াতকারী যানবাহনগুলোকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।



