দেশে জেঁকে বসতে শুরু করেছে হাড়কাঁপানো শীত। হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা কমতে থাকায় জনজীবনে ভোগান্তি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে, যার ফলে উত্তরবঙ্গসহ সারা দেশে শীতের অনুভূতি প্রখর হচ্ছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত দেশের আকাশ মূলত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল এবং কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে পরিবেশ। এই ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ-পথ এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশার দাপট বেশি থাকবে। শুক্রবার সন্ধ্যা থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে, যা সপ্তাহের শেষ দিকে আরও কমার সম্ভাবনা রয়েছে।
গত বৃহস্পতিবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে রাজধানী ঢাকায় পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি স্থায়ী হবে। শীতের এই প্রকোষ্ঠে শিশু ও বয়স্কদের বাড়তি সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।



