বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য বলে চিহ্নিত করেছে মিয়ানমারের জান্তা সরকার। এছাড়াও, আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য যাচাই–বাছাইয়ের পর্যায়ে রয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর মিয়ানমার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ব্যাংককে বিমসটেক সম্মেলন-এর ফাঁকে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে এ বিষয়ে অবহিত করেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য নির্বাচন করেছে মিয়ানমার। বাকি ৭০,০০০ রোহিঙ্গার নাম ও ছবি যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
মিয়ানমার আরও নিশ্চিত করেছে যে, মূল তালিকায় থাকা অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাইকার্য দ্রুত সম্পন্ন করা হবে। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এটিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয় এবং আরও মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব দেওয়া হয়।



