কলকাতার বড়দিনের উৎসবমুখর পরিবেশে টলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি-২’ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবির পোস্টার সিনেমা হলের দেয়ালে শোভা পেলেও, শেষ মুহূর্তে দক্ষিণ কলকাতার বেশ কিছু জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে কোনো শো পায়নি ছবিটি। শো তালিকায় জায়গা না পেয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক দেব।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন দেখা যায়, একটি সিনেমা হলের বাইরে দেবের ‘প্রজাপতি-২’ এবং কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি থাকলেও শো দেওয়া হয়েছে কেবল মিতিন মাসিকে। দেব সোশ্যাল মিডিয়ায় সেই হলের ছবি পোস্ট করে আক্ষেপ প্রকাশ করেন। মজার বিষয় হলো, গত পূজায় ‘রঘু ডাকাত’ ছবির সময় দেবের বিরুদ্ধে হলের শো দখল করার অভিযোগ তুলে অনেকে তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করেছিলেন। এবার নিজের ছবি শো না পাওয়ায় সেই সমালোচকদের পাল্টা জবাব দিয়ে দেব লিখেছেন, যাকে ‘মাফিয়া’ তকমা দেওয়া হয়েছিল, আজ তার ছবির পোস্টার থাকলেও হলে জায়গা নেই।
হল মালিক ও পরিবেশকদের দ্বিমুখী আচরণের দিকে ইঙ্গিত করে দেব জানান, বাংলা সিনেমার স্বার্থে তাঁর লড়াই চলবে। তিনি বিদ্রুপের সুরে বলেন, হল মালিকরা খুশি থাকলেই বাংলা সিনেমা বাঁচবে। দেবের এই প্রতিবাদ টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি এবং হল বণ্টনের জটিল সমীকরণকে আবারও সামনে নিয়ে এসেছে। ভক্তদের মাঝেও প্রিয় তারকার ছবি শো না পাওয়া নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।



