দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশ-বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এসব কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর মতে, বর্তমান বিশ্ব ক্রমেই আন্তঃসংযুক্ত হয়ে উঠছে। এ অবস্থায় বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে সক্ষম করে তুলতে পারে।
তৃতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে ম্যান্ডারিন (চীনা), জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবিসহ বিভিন্ন ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাগত ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ড. মামুন।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে বিদেশি ও স্থানীয় ভাষা বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় শিক্ষণ উপকরণের প্রয়োজন হবে। এ জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গেও ইউজিসি কাজ করবে।
অনুষ্ঠানে চীনের বিভিন্ন প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



