বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে আসছে নতুন নেতৃত্ব। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন। রাষ্ট্রপতি কর্তৃক তাঁর নিয়োগ চূড়ান্ত হওয়ার বিষয়টি সোমবার (২২ ডিসেম্বর) সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তাঁর বাবা মরহুম এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের একজন বরেণ্য বিচারক ছিলেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি ১৯৮৫ সালে নিম্ন আদালত এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। সবশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।



