মায়ের আদি নিবাস বাংলার মাটিতে, আর রক্তে বইছে ঠাকুর পরিবারের উত্তরসূরি হওয়ার গৌরব। তা সত্ত্বেও পতৌদি প্রাসাদে বাংলা সাহিত্য বা সংস্কৃতির চর্চা সেভাবে কখনও গড়ে ওঠেনি। তবে এবার সবাইকে চমকে দিয়ে বাংলা ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী কয়েক মাস তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন এবং এই সময়টুকু তিনি পুরোদমে বাংলা ভাষা শেখার পেছনে ব্যয় করবেন। বাড়িতে গৃহশিক্ষক রেখে টানা তিন মাস নিয়মিত এই ভাষা রপ্ত করার পরিকল্পনা করেছেন তিনি।
সাউফের এই নতুন উদ্যোগ স্বাভাবিকভাবেই ভক্তদের মনে কৌতূহল উসকে দিয়েছে। মা শর্মিলা ঠাকুর কিংবা বোন সোহা আলি খানের মতো তিনিও কি তবে বাংলা সিনেমায় নাম লেখাতে চলেছেন? সরাসরি কোনো উত্তর না দিলেও সূত্র বলছে, একজন প্রখ্যাত বাঙালি ব্যক্তিত্বের জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তার এই ভাষা চর্চা। যদিও সেই রহস্যময় চরিত্রটি আসলে কে, তা নিয়ে এখনো মুখ খোলেননি এই অভিনেতা। এই শেখার প্রক্রিয়ায় মা শর্মিলা ঠাকুর তাকে প্রতিনিয়ত উৎসাহ ও সাহায্য করে যাচ্ছেন।
পেশাগত এই প্রস্তুতির পাশাপাশি সাইফ বর্তমানে ব্যক্তিগত জীবনের এক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। বছরের শুরুতে এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় তিনি ও তার পরিবার বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন। সম্প্রতি এক টক শোতে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানান, সেই রাতের আতঙ্ক আজও তাকে তাড়া করে ফেরে। সব মিলিয়ে জীবনের এক নতুন বাঁকে দাঁড়িয়ে সাইফ আলি খান—যেখানে একদিকে আছে শিকড় সন্ধানের চেষ্টা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতাকে জয় করার লড়াই।



