বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে দুপুর ২টায় বিপিএলের পর্দা ওঠার কথা ছিল। তবে সেই সূচিতে সংশোধন আনা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণে বিপিএলের প্রথম ম্যাচ দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু হবে। ম্যাচের প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের সময়সূচিও পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে রাত ৯টা ৩৫ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হয়ে চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত। তবে আসরের বাকি ম্যাচগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
এদিকে জানা গেছে, ম্যাচ শুরুর আগে কিংবা দুই ম্যাচের মাঝের বিরতিতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



