সৌদি আরবে দেখা মিলেছে বিরল তুষারপাতের, যা দেশটির বাসিন্দাদের জন্য এক ব্যতিক্রমী শীতকালীন অভিজ্ঞতা এনে দিয়েছে। উত্তরাঞ্চলের তাবুক ও হাইল অঞ্চলে হঠাৎ করেই তুষারপাত শুরু হলে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে তাবুক ও হাইলের পাহাড়ি এলাকাগুলো তুষারে ঢেকে যায়। এই অস্বাভাবিক দৃশ্য উপভোগ করতে অনেকেই ঘর থেকে বের হয়ে পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। বিশেষ করে জর্ডান সীমান্তসংলগ্ন জাবাল আল লাওজ এলাকায় পাহাড়ের চূড়ায় জমে থাকা তুষার মানুষের দৃষ্টি কাড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মানুষ তুষারঢাকা ঢালে হাঁটছে, ছবি তুলছে, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছে এবং কেউ কেউ তাৎক্ষণিকভাবে বানানো সরঞ্জাম দিয়ে স্কি করার আনন্দ উপভোগ করছে। সৌদি আরবের অন্যতম উঁচু শৃঙ্গ জাবাল আল লাওজে বরফের ওপর মানুষের হাসি-উল্লাস এই বিরল মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে।
গালফ নিউজের তথ্যমতে, তুষারের মধ্যে স্কি করা ও খেলাধুলার ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকেই এই অভিজ্ঞতাকে ‘ঐতিহাসিক’ ও ‘ভোলার নয়’ বলে বর্ণনা করেছেন। সৌদি গণমাধ্যম আরও জানায়, হাইলের বিভিন্ন অংশ ও এর পশ্চিমাঞ্চলেও তুষারপাত হয়েছে। পাশাপাশি রিয়াদের উত্তরে আল ঘাত এলাকায় হালকা তুষারপাতের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্থানীয়রা।
বিশেষজ্ঞদের মতে, সৌদি আরবে এ ধরনের তুষারপাত অত্যন্ত অস্বাভাবিক এবং সম্ভবত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেশটির মানুষের মনে গভীর আনন্দ ও বিস্ময়ের সৃষ্টি করেছে।



