এশিয়া কাপের ফাইনাল মানেই বাড়তি উত্তেজনা, আর সেখানে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে সেই উত্তাপ পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। মাত্র কয়েক মাস আগেই সিনিয়র এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উপভোগ করেছে ক্রিকেট বিশ্ব। এবার সেই একই উত্তেজনা ফিরছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে, যেখানে আবারও শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
শুক্রবার অনুষ্ঠিত যুব এশিয়া কাপের দুই সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুই দলই। আগামী ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ, যেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য লড়বে দুই দেশের যুব দল।
প্রথম সেমিফাইনালে বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারে নেমে আসে। সেখানে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় ভারত। আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে শুরুতে দুই ওপেনার দ্রুত ফিরলেও অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রার দৃঢ় জুটিতে কোনো বড় বিপদ ছাড়াই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভিহান মালহোত্রা করেন ৬১ রান এবং অ্যারন জর্জ অপরাজিত থাকেন ৫৮ রানে।
অন্য সেমিফাইনালেও বৃষ্টির প্রভাব পড়ে। ২৭ ওভারে নামিয়ে আনা ম্যাচে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি দলটি। ব্যাটিং ব্যর্থতায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ১২১ রানেই গুটিয়ে যায়। সামিউন বশির রাতুল সর্বোচ্চ ৩৩ রান করেন। জবাবে পাকিস্তানের ওপেনার সামির মিনহাসের অপরাজিত ৬৯ রানের সুবাদে ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
এর আগে গ্রুপ পর্বেও ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল ভারতীয় যুব দল। এবার ফাইনালে সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, তবে মঞ্চ আরও বড়, প্রত্যাশা ও চাপও দ্বিগুণ।
ক্রিকেটপ্রেমীদের চোখ এখন ২১ ডিসেম্বরের দিকে। যুব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে সেদিনই নির্ধারিত হবে এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন।



