ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া আজিজুল হাকিম তামিমের দল গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে দাপুটে জয়ে সেই স্বপ্ন আরও উজ্জ্বল করেছিল। সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার পরও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে কাঙ্ক্ষিত লড়াইয়ের পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ২৬.৩ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান ১৬.৩ ওভারেই ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। পাকিস্তানের ওপেনার সামির মিনহাজ একাই দলের জয়ের ভিত গড়ে দেন, খেলেন ৬৯ রানের অপরাজিত ইনিংস।
বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দপতন শুরু হয় পঞ্চম ওভারেই। মাত্র ২৪ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার। এরপর দলীয় ৫৫ রানে অধিনায়ক আজিজুল হাকিম তামিমও ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে একের পর এক উইকেট পতনে পুরোপুরি ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।
শেষ দিকে সামিউর বশিরের ৩৩ রানের ইনিংসে কোনোভাবে তিন অঙ্ক ছোঁয় বাংলাদেশের সংগ্রহ। তবে পাকিস্তানের আত্মবিশ্বাসী ব্যাটিং দেখে শুরুতেই স্পষ্ট হয়ে যায়, এই রান লড়াইয়ের জন্য মোটেও যথেষ্ট নয়। দিনের অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী ২১ ডিসেম্বর দুবাইতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।



