বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ আইপিএল আসরে নিলাম থেকে দল না পেলেও পরে বদলি খেলোয়াড় হিসেবে তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। আসন্ন আইপিএলের মিনি নিলামেও মুস্তাফিজের নাম রয়েছে, যা আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। তবে এই তালিকায় মুস্তাফিজেরই দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
২০২৬ আইপিএল নিলামের জন্য মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। একই ভিত্তিমূল্যে তালিকাভুক্ত রয়েছেন আরও ৩৯ জন ক্রিকেটার। তবে বাস্তবতায়, এই উচ্চ মূল্যমানের তালিকা থেকে অল্পসংখ্যক খেলোয়াড়ই শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির ডাক পাবেন।
নিলামকে সামনে রেখে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করছেন। আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মুস্তাফিজুর রহমানের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেছে—চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। নিলাম টেবিলে এই দুই দলই তাকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস—উভয় দলের হয়েই আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। ২০২৪ আসরে তিনি চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন এবং সর্বশেষ আসরসহ তিনবার দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছেন এই বাঁহাতি পেসার। এই অভিজ্ঞতা নিলামে তার প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ আরও বাড়াতে পারে।



