মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী ও গৌরবময় আয়োজন অনুষ্ঠিত হয়।
এই প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন দক্ষ প্যারাট্রুপার। একযোগে জাতীয় পতাকা বহন করে আকাশ থেকে অবতরণের মাধ্যমে তারা বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড সৃষ্টি করেন। ঐতিহাসিক এই মুহূর্তটি প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে মনোমুগ্ধকর কৌশল প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবহ সৃষ্টি করে।



