২০২৫–২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় মোট পাসের হার ছিল ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় দেশের সেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তাঁর রোল নম্বর ২৪১৩৬৭১। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ ৯১ দশমিক ২৫ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন।
এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী (১ দশমিক ৭৯ শতাংশ) এবং বহিষ্কৃত হন ২ জন।
ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৬৬ দশমিক ৫৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ছিলেন ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।
ফলাফল জানতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করতে হবে। এরপর ভর্তি পরীক্ষার রোল নম্বর দিয়ে ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। চাইলে ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়ার সুবিধাও রয়েছে। পাশাপাশি মেধাতালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে।



