ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে পর্দায় নতুন রূপে দেখার অপেক্ষায় ছিলেন তার অসংখ্য ভক্ত। দীর্ঘ অপেক্ষার সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে নতুন বছরের শুরুতেই। সুখবর হলো—নতুন সিনেমা ‘গোলাপ’ নিয়ে দর্শকদের সামনে ফিরছেন এই তারকা অভিনেত্রী।
সিনেমাটির নির্মাণের ঘোষণা দেওয়ার পর প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও নানা জটিলতায় ‘গোলাপ’-এর শুটিং শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘ এই বিরতি পরীমণির ভক্তদের হতাশ করেছিল। তবে অবশেষে সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে এবং সব জট কাটিয়ে প্রকল্পটি আবারও সচল হয়েছে।
সিনেমাটির নির্মাতা সামছুল হুদা জানিয়েছেন, বহু প্রতীক্ষার পর এবার সত্যিই ক্যামেরার সামনে আসছে ‘গোলাপ’। এই সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নিরব। নতুন এই জুটিকে ঘিরেও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, শুটিং বিলম্বের পেছনে মূল কারণ ছিল গল্প সংক্রান্ত জটিলতা। কাহিনির কয়েকটি অংশে পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়, যা নিয়ে দীর্ঘ আলোচনার পর গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে। এতে করে সিনেমার আবেগ, বাস্তবতা ও নাটকীয়তা আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা ও রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে ‘গোলাপ’। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোলে নতুন বছরের ফেব্রুয়ারি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নতুন বছরে পরীমণির এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।



