বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও সাফল্যের প্রতীক। তবে এই সাফল্যের পথটা কখনও মসৃণ ছিল না। সম্প্রতি দুবাইতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক করুণ অথচ অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। জানালেন, বলিউডে প্রবেশের আগেই বাবা-মাকে হারানোর শোক কীভাবে তাকে আজকের ‘শাহরুখ খান’ হিসেবে গড়ে তুলেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, দুবাইতে শাহরুখ খানের নামে নির্মিত একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও বিখ্যাত নির্মাতা ফারাহ খান।
ফারাহর সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে শাহরুখ ফিরে দেখেন জীবনের সেই কঠিন অধ্যায়। তিনি বলেন, “আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তটি আসে খুব অল্প বয়সে, যখন আমি বাবা-মাকে হারাই। মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন, আর আমাকে দেখতে পারবেন না।”
তিনি জানান, এই শোক তাকে ভেঙে না দিয়ে বরং আরও দৃঢ় করেছে। কঠোর পরিশ্রমের শক্তি জুগিয়েছে। তার মনে জেদ তৈরি হয়—এত বড় হতে হবে যেন বাবা-মা জান্নাত থেকেও তাকে দেখতে পারেন।
নিজের সাফল্যের প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, “আল্লাহ খুবই দয়ালু। আমার জীবনে বহু অপ্রত্যাশিত সাফল্য এসেছে। লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির জন্য আমার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। আমি জাতীয় পুরস্কার পেয়েছি। এখন দুবাইতে আমার নামে একটি টাওয়ার হয়েছে, এমনকি এখানে আমার একটি বাড়িও আছে।”
সবশেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি কখনও ভাবিনি আমার জীবনে এত বড় বড় ঘটনা ঘটবে—যা আমার বাবা-মা জান্নাত থেকেও দেখতে পারবেন। আমার কাছে এটাই সত্যিকারের জীবন বদলে দেওয়া মুহূর্ত।”



