সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়, এরপর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি।
দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ভোর ৪টায় এক ফেসবুক পোস্টে জানান, সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এই ধারাবাহিক দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে।
তার তথ্যানুযায়ী, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় রাত ২টা ৫০ মিনিটে, যার মাত্রা ছিল ৩.৫ এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে রাত ২টা ৫৫ মিনিটে, যার মাত্রা ছিল ৩.৩ এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলা।



