বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন ও উত্তেজনাপূর্ণ দ্বৈরথ হিসেবে ব্রাজিল-আর্জেন্টিনার নামই প্রথমে উচ্চারিত হয়। দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, গৌরব আর কিংবদন্তির দীর্ঘ লড়াই এই ম্যাচকে শুধু প্রতিযোগিতা নয়, বরং এক অনন্য অনুভূতিতে রূপ দেয়—যার জন্য সারা বিশ্বের কোটি ভক্ত নিঃশ্বাস বেঁধে অপেক্ষা করে থাকে। এবার সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারে—শুধু মিলতে হবে এক সহজ সমীকরণ।
চলমান ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের ম্যাচে জিততে পারলেই তারা উঠবে স্বপ্নের ফাইনালে। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী পর্তুগাল। দুই দল ফুটসালে মাত্র একবার মুখোমুখি হয়েছে—২০১১ সালের সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৫–২ গোলে হারিয়েছিল পর্তুগাল। বর্তমান পর্তুগিজ দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়—আনা কাতারিনা পেরেইরা ও আনা আজেভেদ— সে ম্যাচেও ছিলেন।
অন্যদিকে, ব্রাজিল-স্পেন লড়াই হতে পারে গোলবন্যার। টুর্নামেন্টের এই পর্যন্ত স্পেন গোল করেছে ২৩টি, আর ব্রাজিলের গোলসংখ্যা ২৫। দু’দলের আগ্রাসী খেলার ধরণ দেখে সেমিফাইনালে একাধিক গোল হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সব মিলিয়ে সহজ সমীকরণ মিললেই ফুটবলপ্রেমীরা পেতে পারেন প্রিয় সেই দ্বৈরথ—বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা।



