আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। ফলে সিরিজ বাঁচানোর মিশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একই সঙ্গে এটি বিশ্বকাপের আগে লিটন দাসদের শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচও। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় সাগরিকায় শুরু হতে যাওয়া এই ম্যাচে তাই বিশ্বকাপের প্রস্তুতির মান যাচাই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
টি-টোয়েন্টিতে বছরের পারফরম্যান্স অম্লমধুরই ছিল বাংলাদেশের। ঘরের মাঠে ও বিদেশে সিরিজ জয়ের পাশাপাশি হারও ছিল সঙ্গী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চট্টগ্রামে ৩-০ ব্যবধানে হার এবং আইরিশদের কাছে প্রথম ম্যাচে পরাজয় দলের মনোবলে আঘাত করেছিল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরে এসেছে বাংলাদেশ। এখন চোখ শেষ ম্যাচে—যা বিশ্বকাপের আগে সবচেয়ে বড় পরীক্ষা।
সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ায় টিম ম্যানেজমেন্ট সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চায়। গত ম্যাচের একাদশে নুরুল হাসান সোহানের বদলে সুযোগ মিলতে পারে শামীম হোসেন পাটোয়ারীর। এর বাইরে দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গী হবেন তানজিম হাসান সাকিব, আর তৃতীয় পেসার হিসেবে খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন বিভাগে আছেন শেখ মেহেদী ও নাসুম আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।



