৭ম ক্যারম বিশ্বকাপে অংশ নিতে ১১ সদস্যের বাংলাদেশ জাতীয় দল রোববার (৩০ নভেম্বর) মালদ্বীপের উদ্দেশে দেশ ত্যাগ করেছে। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্যারম ফেডারেশন ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তিন ধাপে বাছাই পর্ব আয়োজন করে। বাছাইয়ে অংশ নেন ১৭ জন পুরুষ ও ৯ জন নারী খেলোয়াড়। কঠিন প্রতিযোগিতা শেষে পুরুষদের মধ্যে ৪ জন এবং নারীদের মধ্যে ৪ জন খেলোয়াড় চূড়ান্ত দলে জায়গা করে নেন।
এবারের আসরে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইংল্যান্ড ও স্বাগতিক মালদ্বীপসহ ২০টিরও বেশি দেশ অংশ নিচ্ছে।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি এ এফ এম এহতেশামুল হক (তুহিন) আন্তর্জাতিক ক্যারম ফেডারেশনের কংগ্রেসে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের পর দলটি বিশ্বকাপে ভালো ফলাফল অর্জন করবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশ জাতীয় দল
পুরুষ: মো. হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আনিছ আহমদ, বাসু দাস
নারী: আফসানা নাসরিন, মোছা. ফারজানা বানু শিল্পী, শামসুন নাহার মাকসুদা, আছিয়া সুলতানা



