ফিলিস্তিনের দীর্ঘ দমন–পীড়ন, দখল ও মানবাধিকার লঙ্ঘনের বাস্তবতা বিশ্ববাসীর সামনে নতুনভাবে তুলে ধরতে উদ্যোগ নিয়েছেন চিলির একদল চলচ্চিত্র নির্মাতা। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জীবন, প্রতিরোধ এবং মানবিক সংকটকে কেন্দ্র করে তারা নির্মাণ করছেন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রোববার (৩০ নভেম্বর) আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, নির্মাতারা দীর্ঘ গবেষণা, সাক্ষাৎকার এবং মাঠপর্যায়ের কাজের ভিত্তিতে এমন একটি গল্প বুনছেন, যা লাতিন আমেরিকাসহ আরব বিশ্বের বাইরের দর্শকদের কাছে ফিলিস্তিনের বাস্তবতাকে আরও স্পষ্টভাবে তুলে ধরবে।
নির্মাতাদের মতে, আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে ফিলিস্তিনের কণ্ঠস্বর প্রায়ই চাপা পড়ে যায়। তাদের চলচ্চিত্রটি সেই নীরবতার ভেতর থেকে উঠে আসা বাস্তব মানুষের গল্প বলবে। ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তাহীনতা, ধ্বংসস্তূপের ভেতর দৈনন্দিন জীবনযাপন এবং মানুষের অদম্য আশাবাদই এই চলচ্চিত্রের মূল বিষয়।
চলচ্চিত্রটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শনের লক্ষ্যেই নির্মিত হচ্ছে। নির্মাতারা আশা করছেন, এটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে ফিলিস্তিনের সংগ্রাম ও মানবিক সংকটকে নতুনভাবে বোঝার সুযোগ সৃষ্টি করবে।



