অবশেষে বিপিএল নিলামে দল পেয়েছেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দফায় ‘বি’ ক্যাটাগরিতে নাম উঠলেও কোনো দল তাঁদের প্রতি আগ্রহ দেখায়নি। নিয়ম অনুযায়ী পরবর্তী ধাপে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘সি’ ক্যাটাগরি থেকে নাম ওঠার কথা ছিল। তবে সিনিয়র ক্রিকেটারদের প্রতি সম্মান জানিয়ে আয়োজকেরা সেই ধাপে তাঁদের নাম তোলেননি। শেষ পর্যন্ত আগের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকাতেই দল পেয়েছেন দুজন—রংপুর রাইডার্স দলে টেনেছে মাহমুদউল্লাহকে, আর মুশফিককে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
এদিকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকেই অবিক্রিত ছিলেন। দ্বিতীয় সুযোগে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে তাঁকে দলে নেয় সিলেট টাইটানস। নিলামে সিনিয়রদের প্রত্যাবর্তন এবার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



