বিপিএল নিলামের প্রথম রাউন্ডেই অবিক্রীত রয়ে গেলেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ব্যাট হাতে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিয়ে আসা এই দুই ক্রিকেটারের প্রতি এবার কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ‘বি’ ক্যাটাগরির নিলামে প্রথমেই উঠে আসে মাহমুদউল্লাহর নাম। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই তাকে দলে নিতে হাত তোলেনি। একই পরিণতি হয় মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। অভিজ্ঞতা, ম্যাচ জেতানো ইনিংস খেলার সামর্থ্য—কোনোটিই এবারের নিলামে দলগুলোর মন জয় করতে সক্ষম হয়নি।
এর আগে ‘এ’ ক্যাটাগরিতে মোহাম্মদ নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় চট্টগ্রাম রয়্যালস এবং লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে ভেড়ায় রংপুর রাইডার্স। তবে নিলামে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে দুই সিনিয়র ক্রিকেটারের অবিক্রীত থাকা।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রীত খেলোয়াড়দের পরে আবার নিলামে তোলা হবে, তবে এবার তারা উঠবেন ‘সি’ ক্যাটাগরিতে, যেখানে ভিত্তিমূল্যও কমে আসবে। দ্বিতীয়বারই হয়তো মাহমুদউল্লাহ–মুশফিকের জন্য শেষ সুযোগ হয়ে দাঁড়াতে পারে। দলগুলোর কৌশলগত পরিকল্পনা, ফরম্যাট বিবেচনা নাকি সাম্প্রতিক পারফরম্যান্স—কোন কারণে অভিজ্ঞদের প্রতি অনাগ্রহ দেখা দিয়েছে তা নিয়ে এখনই ক্রিকেট মহলে চলছে তীব্র আলোচনা। তবে স্পষ্ট যে, এই দুই ক্রিকেটারের ভবিষ্যত এখন অনেকটাই নির্ভর করছে পুনরায় নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর সিদ্ধান্তের ওপর।



