রাজধানীর মেট্রোরেলে র্যাপিড কার্ড ও এমআরটি পাস কার্ডের অনলাইন রিচার্জ সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এখন আর রিচার্জ করতে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না; বরং ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সহজেই কার্ডে টাকা যোগ করা যাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন করা হয়। ‘লাইন নয়, অনলাইন—রিচার্জ এখন হাতের মুঠোয়’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “এটি আমাদের জন্য বহুল প্রত্যাশিত একটি দিন। দীর্ঘদিন ধরে যাত্রীরা স্টেশনে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করতে গিয়ে যে ভোগান্তির মুখে পড়ছিলেন, তা দূর করতেই আমরা কাজ করে যাচ্ছিলাম। আজ সেই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হলো, যা গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ, নিরাপদ এবং সময়োপযোগী করে তুলবে।” তিনি আরও জানান, বর্তমানে মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুটি করে মেশিন স্থাপন করা হয়েছে। বাসা থেকে অনলাইনে রিচার্জ করে স্টেশনে এসে শুধু মেশিনে ট্যাপ করলেই রিচার্জ সফল দেখাবে।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলো নীতিগত সহায়তা প্রদান। ডিএমটিসিএল দেশের যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। যাত্রী যেন টিকিট কেনা থেকে ভ্রমণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সহজ, স্বচ্ছ ও নির্বিঘ্ন সেবা পান—এটি নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।



