শীতের সময় অনেকের অ্যাজমার উপসর্গ বেড়ে যায়, তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি এ সমস্যা কমাতে কার্যকর হতে পারে। গরম পানিতে আদা কুচি ফুটিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করলে শ্বাসনালীর প্রদাহ কমে এবং গলা স্বস্তি পায়। গরম পানির বাষ্প কয়েক মিনিট নিলে শ্বাসনালীর জমে থাকা কফ ঢিলা হয় এবং শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। কালোজিরা গুঁড়া ও মধুর মিশ্রণ দিনে একবার গ্রহণ করলেও শ্বাসনালী শান্ত রাখতে সহায়তা করে। এছাড়া হালকা লবণ মিশিয়ে গরম পানিতে গার্গল করলে গলা পরিষ্কার থাকে এবং কাশি ও কফ কমে। ঘরের বাতাস পরিষ্কার রাখাও অত্যন্ত জরুরি—বিছানার চাদর, পর্দা নিয়মিত ধোয়া এবং ধুলাবালি বা পশুর লোমযুক্ত পরিবেশ এড়িয়ে চললে অ্যালার্জেন কমে, যা অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তবে কিছু পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, ইনহেলার কাজ না করা, বুক চাপ লাগা বা শিসের মতো শব্দ বাড়া, এবং রাতে শ্বাসকষ্টের কারণে বারবার ঘুম ভেঙে যাওয়া—এসব উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তার দেখানো উচিত। সঠিক চিকিৎসা ও সতর্কতা নেওয়া অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


