সিলেটে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ রান করা আইরিশরা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়, গুটিয়ে যায় ২৫৪ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ৫৮৭ রানের পাহাড়সম সংগ্রহ।
আইরিশ ব্যাটিংয়ে লোয়ার অর্ডার কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ম্যাকব্রাইনের লড়াকু অর্ধশতক, বলবার্নির ৩৮, নিলের ৩৬ এবং শেষ ব্যাটার ম্যাকার্থির ২৫ রানের ইনিংসের ওপর ভর করেই দলটি ২৫৪ পর্যন্ত যেতে সক্ষম হয়।
বল হাতে বাংলাদেশি বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। দুই বাঁহাতি স্পিনার মিলিয়ে নেন ৭ উইকেট—হাসান মুরাদ ৪টি এবং তাইজুল ইসলাম ৩টি। নাহিদ রানা শিকার করেন ২ উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন মাহমুদুল হাসান।
এর আগে ৩০১ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। শুরুতেই নাহিদ রানার হাতে বিদায় নেন চাদ কারমাইকেল। আত্মবিশ্বাসী পল স্টার্লিং ৪৩ রানে রান আউট হয়ে ফিরলে চাপ আরও বেড়ে যায়। এরপর তাইজুলের বলে এলবিডব্লিউ হন হ্যারি টেক্টর (১৮)।
হাসান মুরাদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ক্যাম্ফার সাদমান ইসলামের দারুণ ক্যাচে পরিণত হন। মুরাদের দ্বিতীয় শিকার লরকান টাকারও (৯)—রিভিউতে দেখা যায় বল স্টাম্পে আঘাত করত, ফলে আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড, সেখান থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
এই জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাসের বড় বার্তা নিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা।



