ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবের এই সময়ে প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। এমনই এক কঠিন অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত প্রোফাইলে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (CHDU) একটি ছবি পোস্ট করে সেই দুঃসহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। মিষ্টি লিখেছেন—জীবনের সবচেয়ে কঠিন ও ভয়াবহ সময় পার করেছেন তিনি ২৭ অক্টোবর ২০২৫-এ। সেই ইউনিটের দরজার সামনে দাঁড়িয়ে স্বামী মাহমুদউল্লাহ তাকে বলেছিলেন যেন তাকে ক্ষমা করে দেন। তিনি সেই মুহূর্তেও নিজেকে শক্ত রেখেছেন এবং বিশ্বাস করেছেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও লিখেছেন, আল্লাহ তাকে সবরের পরীক্ষা নিয়েছেন এবং তিনি বিশ্বাস করতেন এই পরীক্ষায় সফল হবেন। তবুও স্বামীর পাশে থাকা অবস্থায় ভেতরে ভয় কাজ করছিল—তার জীবনের সময় কতটুকু, তা কেবল আল্লাহই জানেন। নিরবচ্ছিন্ন দোয়া ও জিকিরের মধ্য দিয়ে সেই কঠিন সময় পার করেছেন। এই অভিজ্ঞতা তার জীবনে এমনই এক স্মৃতি, যা কখনো ভুলে যাওয়ার নয়। ট্রমা কাটাতে হয়তো আরও সময় লাগবে, তবে আল্লাহর দয়ায় সবকিছু অতিক্রম করতে পেরেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।



