বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অমর নায়ক হিসেবে স্মরণীয় সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু আজও রহস্যে ঘেরা। ভক্ত-অনুরাগীরা এখনও দাবি করেন—সালমান শাহকে হত্যা করা হয়েছে, যদিও একাধিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ১৯৯৫ সালের ১২ আগস্ট ছিল সালমান শাহ ও সামিরার বিবাহবার্ষিকী। এ উপলক্ষে তারা নেপালে ঘুরতে গিয়ে একটি পাঁচতারা হোটেলে অবস্থান করেন। কাকতালীয়ভাবে ওই একই হোটেলে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও, স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে।
সেদিন হোটেলে লোকজন কম থাকায় সালমান শাহ হোটেল ম্যানেজারকে জানান, রাত ৯টা পর্যন্ত যারা ডিনার করবেন, তাদের সব বিল তিনি পরিশোধ করবেন—কারণ এটি তার বিবাহবার্ষিকীর বিশেষ আয়োজন। বিষয়টি জানতে পারেন শাহরুখ খান এবং তিনি জানতে পারেন সালমান শাহ বাংলাদেশের সুপারস্টার। এরপর ডিনার শেষে শাহরুখ হোটেল ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর সংগ্রহ করে ফুল হাতে তার রুমে হাজির হন। অপ্রত্যাশিত এই সাক্ষাতে সালমান বিস্মিত হলেও পরে তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে ছবি তোলা হয় এবং সিনেমা নিয়ে কথাও হয়। এমনকি দু’জনে একসঙ্গে একটি চলচ্চিত্র করার পরিকল্পনাও করেছিলেন বলে জানা যায়।
এ সম্পর্কিত আরেকটি তথ্য মতে, ২০১০ সালে ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে শাহরুখ খান সালমান শাহর সঙ্গে সিনেমা করার স্মৃতির কথাও উল্লেখ করেছিলেন। যদিও সেই স্বপ্ন আর বাস্তবে রূপ পায়নি, কিন্তু দুই তারকার সেই ঐতিহাসিক সাক্ষাৎ আজও ভক্তদের মনে রয়ে গেছে।



