হোয়াইটওয়াশের লজ্জা পাওয়ার পর নতুন দুশ্চিন্তা দেখা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে শুধু বড় ব্যবধানে হারই নয়, ইনজুরিতে পড়েছেন দুই ক্রিকেটার—নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। টিভি স্ক্রিনে দেখা যায়, ইনিংসের ১১তম ওভারে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে পায়ের গোড়ালির দিকে ইঙ্গিত করে যন্ত্রণায় ছটফট করতে থাকেন সোহান। দলের চিকিৎসক বায়োজিদুল ইসলাম দ্রুত নেমে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
হাসপাতালে নেওয়ার পর সোহানের এক্স-রে করা হয়। যদিও তেমন গুরুতর কিছু ধরা পড়েনি, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পায়ে প্লাস্টার করা হয়েছে। আগামীকাল বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে তার এমআরআই করা হবে, এরপরই জানা যাবে চোটের প্রকৃতি কতটা গুরুতর।
এদিকে, একই ম্যাচে ইনজুরিতে পড়েছেন পেসার শরিফুল ইসলামও। পুরো সিরিজে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাওয়া এই বোলার গতকাল মাত্র দুই ওভার বল করেই মাঠ ছাড়েন। বিসিবি সূত্র জানিয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন শরিফুল এবং তারও এমআরআই সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনিও বিসিবির মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন।
বাংলাদেশ দল মাঠের ব্যর্থতার পরে চোট–বিপর্যয়ে আরও সংকটে পড়ে গেল। দুজনের রিপোর্ট হাতে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।



