চট্টগ্রামের স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ, কিন্তু সেখানে উল্লাসের চেয়ে হতাশার সুরই ছিল প্রবল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল মাঠে লড়াই করলেও, গ্যালারিতে তাদের জন্য ওঠেনি সমর্থনের স্লোগান—বরং বারবার শোনা গেছে একটাই শব্দ, “ভুয়া, ভুয়া!” এই স্লোগান যেন শুধু বাংলাদেশি ক্রিকেটারদেরই নয়, প্রতিপক্ষ ডাগআউটেও ছড়িয়ে দেয় বিস্ময়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি জানান, বাংলাদেশি দর্শকদের আচরণ তাকে খুশি করেনি। তিনি বলেন, “তাদের খেলোয়াড়দের যেভাবে ট্রিট করা হয়েছে, তা ভালো লাগেনি। গ্যালারি থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান উঠতে শুনেছি। পরে এর অর্থ জানতে পেরেছি। ঘরের মাঠে এসে দলকে সমর্থন করা উচিত। সবাই মাঠে সেরাটা দিতে চায়, তাই সমালোচনার বদলে আরও উৎসাহ দেওয়া প্রয়োজন।”
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচেই জিতে সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের আটটি সিরিজের সাতটিতে হারার পর এবার গর্ব নিয়ে ফিরেছে ক্যারিবীয়রা; অন্যদিকে হোম সিরিজে টানা চার হার দলকে ফেলেছে গভীর হতাশায়।
সমর্থকদের ক্ষোভ ও হতাশা বুঝলেও স্যামি আবারও জোর দিয়ে বলেন, “বাংলাদেশের ভক্তরা দলকে ভালোবাসে—এ ব্যাপারে সন্দেহ নেই। তবে সমালোচনার বদলে ইতিবাচক সমর্থন দিলে দল আরও ভালো করবে।”
ড্যারেন স্যামির এই মন্তব্য একপ্রকার সতর্কবার্তাই বটে—ক্রিকেট কেবল ব্যাট-বলের লড়াই নয়, দর্শকের আচরণও দলের মানসিকতায় বড় ভূমিকা রাখে।



