সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য এসেছে সুখবর। বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে সরকার মোট ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি জারি করে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বরাদ্দকৃত অর্থের যেকোনো অব্যয়িত অংশ ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে ফেরত দিতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট, ফ্যাক্স ও টেলেক্স খাত থেকে প্রতিমাসে ১,০০০ টাকা হারে ইন্টারনেট বিল এবং পরিচ্ছন্নতা খাত থেকে প্রতিমাসে ৫০০ টাকা করে ব্যয় নির্ধারিত হয়েছে। এছাড়া মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ এবং সরকারি কাজে ভ্রমণের ক্ষেত্রে শিক্ষকরা নিয়ম অনুযায়ী ভ্রমণ ভাতা পাবেন।
২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় এই বরাদ্দ প্রদান করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইওকে বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, বরাদ্দ অবশ্যই সরকারি নীতিমালা অনুযায়ী ব্যয় করতে হবে এবং কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।



