ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের দূতাবাসের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে যেকোনো তথ্য পাঠানোর আগে প্রেরকের ইমেইল ঠিকানা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কেউ সন্দেহে থাকলে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে নিশ্চয়তা নিতে হবে। পাশাপাশি দূতাবাস জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে শুধুমাত্র স্বয়ংক্রিয় নোটিফিকেশন বার্তা পাঠানো হয়, যেখানে নতুন বার্তা এসেছে কি না তা জানানো হয়। তবে এসব ইমেইলে কখনই ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না।



